মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও কিছুটা বেড়েছে। তবে অঞ্চলটির ভূরাজনৈতিক উত্তেজনা আগের তুলনায় কমে আসা এবং তেল সরবরাহ বৃদ্ধির সম্ভাবনার কারণে এই ঊর্ধ্বগতি ছিল সীমিত।
মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত বাজারদরের তথ্যে দেখা যায়, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৭২ দশমিক ২৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ২৯ সেন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৮ দশমিক ৮৪ ডলারে দাঁড়িয়েছে। এর আগের দিন তেলের দাম কমে ইরান সংঘাত শুরুর আগের অবস্থানে ফিরে গিয়েছিল।
বাজার বিশ্লেষকদের মতে, তেল সরবরাহ স্বাভাবিক রাখতে নেওয়া পদক্ষেপগুলো ঝুঁকিজনিত মূল্যবৃদ্ধির চাপ অনেকটাই কমিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা এবং যুদ্ধবিরতির স্থায়িত্ব সম্পর্কে সংশয় থাকায় বাজার এখনো পুরোপুরি স্বস্তিতে নেই।
বাজার বিশ্লেষক টিম ওয়াটারারের ভাষ্য, সরবরাহ পরিস্থিতির উন্নতি মূল্যবৃদ্ধির চাপ কমালেও ওয়াশিংটন ও তেহরানের সম্পর্কের টানাপোড়েনের কারণে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এদিকে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাবে, নয়তো প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের পর তেহরানের অবস্থানকে কেন্দ্র করে তাঁর এই বক্তব্য নতুন করে সামরিক উত্তেজনার আশঙ্কা বাড়িয়েছে।
এ অবস্থায় বিনিয়োগকারীরা বিশেষভাবে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানির পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন।
আপনার মতামত লিখুন :