দীর্ঘদিনের পানির সংকটের অবসান: পশ্চিম বড় ভেওলায় ৬৫০ পরিবার পেল নিরাপদ সুপেয় পানি

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ০৭:২৬ পিএম

মোহাম্মদ আইয়ুব মাতামুহুরী :কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা এলাকায় গ্রামভিত্তিক পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম উদ্বোধন করা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে প্রায় ৬৫০টি পরিবার পাইপলাইনের মাধ্যমে নিরাপদ সুপেয় পানির সুবিধা পাবে। ফলে দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনের পাশাপাশি এলাকার জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ উদ্যোগ।

সোমবার (৬ জুলাই) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন এবং পরিচালনা কমিটির কাছে স্কিমটি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার। বিশেষ অতিথি ছিলেন মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চকরিয়া ও মাতামুহুরী উপজেলার সহকারী প্রকৌশলী ইফতেখারুল আলম এবং উপ-সহকারী প্রকৌশলী আল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন মাতামুহুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জমির উদ্দিন, মাতামুহুরী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউছুপ বদরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়েবুল ইসলাম সবুজ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ সুপেয় পানির সহজলভ্যতা নিশ্চিত করা জনস্বাস্থ্য সুরক্ষার অন্যতম পূর্বশর্ত। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শত শত পরিবারের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট দূর হবে এবং জনস্বাস্থ্যের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে সহায়ক হবে।

Link copied!