কক্সবাজারে ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

মনসুর আলম মুন্না , স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ০৬:৪৯ পিএম

কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টির পর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেও সকাল ৯টার পর থেকে আবারও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিনও বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

এদিকে বঙ্গোপসাগর উত্তাল থাকায় কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে। সমুদ্রের ঢেউ স্বাভাবিকের তুলনায় বেশি উচ্চতায় আছড়ে পড়ছে। বৈরী আবহাওয়ার কারণে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

Advertisement

Link copied!