অস্ট্রেলীয় নারী পর্যটককে ধর্ষণচেষ্টার মামলায় ৩ জনের ১০ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১০:৩৭ পিএম

কক্সবাজারে বেড়াতে আসা এক অস্ট্রেলীয় নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় তিনজনকে দশ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-দুইয়ের বিচারক জেলা ও দায়রা জজ রোকেয়া আক্তার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিতরা আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার বিবরণে জানা যায়, দুই হাজার উনিশ সালের আট ডিসেম্বর অন-অ্যারাইভাল ভিসায় বাংলাদেশে আসেন অস্ট্রেলিয়ার নাগরিক অ্যালিসা ব্রুক এলিয়ট। তিনি কক্সবাজারের পেঁচার দ্বীপ এলাকার একটি কটেজে অবস্থান নেন। অবস্থানের কয়েক দিন পর গভীর রাতে কয়েকজন ব্যক্তি কটেজে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তার ওপর হামলা চালায় এবং ধর্ষণের চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে ধস্তাধস্তিতে আহত হন। পরে কোনোভাবে কটেজ থেকে বের হয়ে চিৎকার করলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরবর্তীতে তিনি জাতীয় জরুরি সেবায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং চিকিৎসার ব্যবস্থা নেয়।

পুলিশ তদন্তে জানায়, চুরির উদ্দেশ্যে কটেজে প্রবেশ করা হলেও পরে তারা ওই নারী পর্যটকের ওপর হামলায় জড়িয়ে পড়ে।

 

এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করে তদন্ত শেষে তিনজনের সম্পৃক্ততা পায় এবং তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে আদালত তিনজনকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

Link copied!