প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কত টাকা পাবে, কত দিন পাবে

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ০৬:৫০ পিএম

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কত টাকা পাবে, কত দিন পাবে

ফাইল ফটো

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে মেধাবৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন। বৃত্তি পাওয়ার পর শিক্ষার্থীরা কত টাকা পাবে এবং কত দিন এই সুবিধা ভোগ করবে, তা নিয়ে অভিভাবকদের মধ্যে আগ্রহ রয়েছে।

রোববার (১২ জুলাই) বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত হলেও বৃত্তির অর্থ প্রদান করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। কারণ, পঞ্চম শ্রেণি শেষে শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয় এবং বৃত্তি পাওয়ার সময় তারা মাধ্যমিক স্তরে অধ্যয়নরত থাকে।

বর্তমান নিয়ম অনুযায়ী, প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এই বৃত্তির অর্থ পেয়ে থাকে। এরপর অষ্টম শ্রেণিতে অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলের ভিত্তিতে নবম ও দশম শ্রেণি পর্যন্ত নতুন করে বৃত্তি দেওয়া হয়।

বর্তমানে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা করে পায়। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা এবং মাসিক ২২৫ টাকা করে পেয়ে থাকে।

তবে আগামী প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে এই অর্থের পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ চলতি বছরের শেষে অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বাড়তি হারে বৃত্তির অর্থ পাবে।

বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী জানান, বৃত্তির মোট সংখ্যা আগের মতোই ৮২ হাজার ৫০০টি রাখা হয়েছে। তবে মেধাবৃত্তির ক্ষেত্রে এককালীন ২২৫ টাকার পরিবর্তে ৪৫০ টাকা এবং মাসিক ৩০০ টাকার পরিবর্তে ৬০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য এককালীন ২২৫ টাকার পরিবর্তে ৪৫০ টাকা এবং মাসিক ২২৫ টাকার পরিবর্তে ৪৫০ টাকা করারও প্রস্তাব দেওয়া হয়েছে।

 

বর্তমান বিধান অনুযায়ী, মেধাবৃত্তি উপজেলা বা থানাভিত্তিকভাবে প্রদান করা হয়। অন্যদিকে সাধারণ বৃত্তি ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক পাঁচজন শিক্ষার্থীকে দেওয়া হয়। এর মধ্যে দুইজন ছেলে, দুইজন মেয়ে এবং একজন শিক্ষার্থী মেধার ভিত্তিতে নির্বাচিত হয়।

সিয়াম সরিষা
Link copied!