বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসের দিন মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের ১৭ নম্বর সেকশন থেকে প্রায় ১৬ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চা শ্রমিকরা বাগানে কাজ করার সময় হঠাৎ একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান। সাপটি দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা সাময়িকভাবে কাজ বন্ধ করে দেন।
পরে শ্রমিকরা বিষয়টি জাগছড়া চা বাগানের কর্মকর্তা সেলিম মিয়াকে অবহিত করেন। তিনি তাৎক্ষণিকভাবে বনবিভাগ এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং বনবিভাগের সদস্যদের সমন্বয়ে একটি যৌথ উদ্ধার অভিযান পরিচালিত হয়। অভিযানে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন প্রায় ৩০ কেজি। পরে বনবিভাগের তত্ত্বাবধানে সাপটিকে নিরাপদ প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করার জন্য হস্তান্তর করা হয়।
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে এমন একটি প্রাণী উদ্ধারের ঘটনা জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বন্যপ্রাণীর প্রতি জনসচেতনতা বৃদ্ধির গুরুত্বকে নতুন করে সামনে নিয়ে এসেছে। সংশ্লিষ্টরা বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে কিংবা কোনো ধরনের ক্ষতি না করে দ্রুত বনবিভাগ বা সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাকে অবহিত করার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :