ঢাকা-২ আসনের সংসদ সদস্য, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, “বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবার রাজনীতিতে বিশ্বাসী। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র সুসংহত করা এবং জনকল্যাণ নিশ্চিত করাই দলের মূল লক্ষ্য।” বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষ ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, সারাদেশের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি ইউনিয়নে প্রশাসনের সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রতিটি পরিবারকে নিজ নিজ বাড়ির আঙিনায় গাছ লাগাতে হবে এবং নিয়মিত পরিচর্যা করতে হবে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যতে ফল ও কাঠের মাধ্যমে পরিবার ও দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি বলেন, “একটু উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা”—এই লক্ষ্য সামনে রেখে সরকার কৃষি, পরিবেশ ও গ্রামীণ উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ধারাবাহিকতায় সারাদেশে পুনরায় খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।
আমান উল্লাহ আমান বলেন, জনগণের দেওয়া আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করা নেতা-কর্মীদের দায়িত্ব। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড চালু হয়েছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নেও কাজ চলছে।
কেরানীগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের অবহেলার পর বিভিন্ন সড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে। কোনাখোলা থেকে হেমায়েতপুর সড়ক উন্নয়নে ২৯ কোটি টাকার প্রকল্পের টেন্ডার সম্পন্ন হয়েছে এবং শিগগিরই কাজ শুরু হবে। একই সঙ্গে দীর্ঘদিন পর এলাকায় গ্যাস সংযোগ কার্যক্রমও চালু হয়েছে।
শাক্তা ইউনিয়ন পরিষদের প্রশাসক হালিমা আক্তার বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে আমরা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজ শাক্তা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে প্রায় ২ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। খুব শিগগিরই আরও ৩ হাজার চারা বিতরণ করা হবে।
তিনি বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার উদ্যোগ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার বিনিয়োগ। তাই শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি চারার যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। সরকারের এই কর্মসূচি সফল করতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো. শামীম হাসান,দপ্তর সম্পাদক জানে আলম সুমন, শাক্তা ইউনিয়ন বিএনপি এর সভাপতি মহসিন মন্টু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর। এছাড়া স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

আপনার মতামত লিখুন :