শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ কার্যক্রমের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। তিনি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ভিত্তিক পুষ্টিকর খাদ্য কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনোভাবেই টাঙ্গাইলে মাদক চলতে দেওয়া হবে না। যে মাদক যুবসমাজ ও ছাত্রসমাজকে ধ্বংস করে, তার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেব এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, সন্তানকে শিক্ষিত করতে মা-বাবা অক্লান্ত পরিশ্রম করেন। অনেক পরিবার ধান, জমি কিংবা গবাদিপশু বিক্রি করেও শিক্ষার ব্যয় বহন করেন। সেই সন্তান যদি মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে, তবে পরিবারের কষ্ট ও হতাশার শেষ থাকে না। তাই সমাজ থেকে মাদক নির্মূলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একইসঙ্গে তিনি শিক্ষার্থীদের মাদক ও সন্ত্রাসমুক্ত থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফুর রহমান মতিন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান মোল্লা। তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে অভিভাবকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে অতিথিরা বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম ও মিড-ডে মিলের খাদ্য বিতরণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :