জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে থানচিতে গণসংহতি আন্দোলনের গণসমাবেশ

মোঃ হাসান , বান্দরবান, জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬, ০৭:০৩ পিএম

জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে থানচিতে গণসংহতি আন্দোলনের গণসমাবেশ

ফাইল ফটো

গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলা এবং নতুন রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বান্দরবানের থানচিতে গণসমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। বুধবার (৫ আগস্ট) সকালে থানচি বাজারে গণসংহতি আন্দোলনের উদ্যোগে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক কর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জাতিগত বৈচিত্র্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট উবাথোয়াই মারমা। তিনি বলেন, একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। জনগণের প্রত্যাশা পূরণে নতুন রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন, থানচি উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মংসাই মারমা। সমাবেশ সঞ্চালনা করেন সিংয়া ম্রো। বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে জুলাই সনদের বাস্তবায়ন সময়ের দাবি। তারা অবিলম্বে জুলাই সনদ কার্যকরের পাশাপাশি জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সিয়াম সরিষা
Link copied!