কক্সবাজারের উখিয়া থানায় সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা আর্থিক লেনদেন ছাড়াই পুলিশি সেবা পেতে পারেন, সে বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।বুধবার (৫ আগস্ট জুলাই) গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, "উখিয়া থানায় পুলিশি সেবা নিতে কোনো টাকার প্রয়োজন নেই। কেউ যদি পুলিশের নাম ভাঙিয়ে বা থানার কথা বলে কোনো ব্যক্তির কাছে টাকা দাবি করে, তাহলে বিষয়টি সরাসরি আমাকে জানান। সে যে হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
ওসি আতিকুর রহমান আরও বলেন, পুলিশ জনগণের সেবক। তাই থানায় অভিযোগ দায়ের, সাধারণ ডায়েরি (জিডি), আইনগত পরামর্শ কিংবা অন্য যেকোনো পুলিশি সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা দালালের মাধ্যমে অর্থ লেনদেনের প্রয়োজন নেই। কেউ এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তা সহ্য করা হবে না।তিনি আরও বলেন, "আমি নিজেও যদি কোনো অনিয়ম করি, তাহলে আমার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। পুলিশের প্রতিটি সদস্যকে জবাবদিহিতার মধ্যে থেকেই দায়িত্ব পালন করতে হবে।"
বক্তব্যে তিনি জনগণের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, থানায় সেবা নিতে এসে কেউ যেন দালাল বা প্রতারকের খপ্পরে না পড়েন। কোনো ব্যক্তি যদি পুলিশের পরিচয় ব্যবহার করে কিংবা থানার নাম উল্লেখ করে অর্থ দাবি করে, তাহলে তাৎক্ষণিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করার অনুরোধ জানান তিনি।আলোচনা সভায় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার পান্না আকতার, উখিয়া সহকারী কমিশনার (ভূমি)এসিল্যান্ড শারমিন সুলতানা,
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, মাওলানা সুলতান আহমদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উপস্থিত সকলেই পুলিশের এমন অবস্থানকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, পুলিশের পক্ষ থেকে এ ধরনের স্পষ্ট বার্তা জনসাধারণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দালালচক্রের দৌরাত্ম্য কমাতে সহায়ক হবে।সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, জনবান্ধব পুলিশিং, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন :