পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পাহাড়ি অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে ৬০০ বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণ ও বিতরণ করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল কাজী নেহাত ফয়সাল, পিএসসি, জি।
এ সময় তিনি বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীকে শুধু গাছের চারা রোপণ করলেই হবে না, বরং নিয়মিত পরিচর্যার মাধ্যমে তা বড় করে তোলার দায়িত্বও নিতে হবে। পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি টেকসই পরিবেশ গঠনে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংক্য মারমা, স্থানীয় পাড়া কার্বারী আংক্য ত্রিপুরা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের হাতে ৬০০ বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে চারা রোপণ এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
স্থানীয়রা বাংলাদেশ সেনাবাহিনীর এ পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পাহাড়ি অঞ্চলে সবুজায়ন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন :