তারাকান্দায় ৫৪ লাখ টাকার ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ৩

 তারাকান্দায় ৫৪ লাখ টাকার ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ৩

ফাইল ফটো

ময়মনসিংহের তারাকান্দায় শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ৫৪ লাখ ২৩ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫২৪ পিস ভারতীয় কম্বল ও দুইটি  কাভার্ড ভ্যানসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল, কয়েকটি স্মার্টফোন ও নগদ টাকা জব্দ করা হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে র‌্যাব-১৪-এর সিপিসি-৩ (আকুয়া বাইপাস) ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগা জেলার নওগা সদর উপজেলার রাজাকপুর গ্রামের মো. জেমস (৩৩), ফুলপুর উপজেলার রহিমপুর গ্রামের মো. ইব্রাহিম খন্দকার (৩০) এবং কোতোয়ালি থানার ভাস্করহাটি (পাস্কোরকাটিয়া) এলাকার সাদ্দাম হোসেন (৩৩)। এ ঘটনায় জড়িত মো. রিপন (৩৮) নামে আরও একজন পলাতক রয়েছেন। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি সংঘবদ্ধ চোরাচালান চক্র ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়ক দিয়ে ভারতীয় কম্বলের একটি বড় চালান পরিবহন করছে। এর ভিত্তিতে র‌্যাবের একটি দল তারাকান্দা থানার ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের মেসার্স মঈন এন্টারপ্রাইজ (সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড)-এর সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে।

অভিযান চলাকালে সন্দেহজনক ২টি কাভার্ড ভ্যানকে  থামার সংকেত দিলে চালক ও সঙ্গে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন। পরে কাভার্ড ভ্যানদুটিতে তল্লাশি চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন ১ হাজার ৫২৪ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। এসব কম্বলের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ২৩ হাজার টাকা। এ ছাড়া ২৫ লাখ টাকা ২ টি কাভার্ড ভ্যান, প্রায় ২ লাখ টাকা মূল্যের পালসার ১৬০ সিসির একটি মোটরসাইকেল, কয়েকটি স্মার্টফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় কম্বল বাংলাদেশে এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ( ওসি) আবদুর রাশিদ জানান,এ ঘটনায় গ্রেপ্তার তিনজন ও পলাতক একজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় তারাকান্দা থানায় মামলা করা হয়েছে।

সিয়াম সরিষা
Link copied!