বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা কৃষি ও মৎস্য খাতের সার্বিক বিকাশে প্রান্তিক কৃষক ও মৎস্যচাষিদের সব ধরনের সরকারি সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ ও বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
মন্ত্রী বলেন, "কৃষি ও মৎস্য খাত দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। এ দুই খাতের পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বিপুল কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের অপার সম্ভাবনা রয়েছে।" তিনি মৎস্য সম্পদ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ, টেকসই মৎস্যচাষ ও জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জলজ ও স্থলজ পরিবেশের সুরক্ষায় অনুষ্ঠানের অংশ হিসেবে জেলা প্রশাসন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আয়োজনে কৃষি ও মৎস্য খাতের উন্নয়নবিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর প্রান্তিক চাষিদের সরাসরি মতামত ও মাঠপর্যায়ের নানা সংকটের কথা শোনেন অতিথিরা। মন্ত্রী তাঁদের বাস্তব অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন। অনুষ্ঠানে মানিকগঞ্জের পুলিশ সুপার, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মৎস্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় কৃষক-মৎস্যচাষি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মৎস্য খাতসহ নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :