নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ভেতরে অবস্থিত ইউনিভার্সেল ম্যানসওয়্যার কারখানায় অজ্ঞাত কারণে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। গত ২২ আগস্ট রাত আনুমানিক ১১ টায় হঠাৎ করে বিপুলসংখ্যক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থ শ্রমিকদের মধ্যে অনেকেই মাথা ঘোরা, বমি বমি ভাবসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হন বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে এত শ্রমিক একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ শ্রমিকদের উদ্ধার করেন। পরে তাদের নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনার পর আজ সকাল থেকে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল ম্যানসওয়্যার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। এদিকে ঘটনার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে গতকাল রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বিপুলসংখ্যক শ্রমিককে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে শ্রমিকরা কী কারণে অসুস্থ হয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে অসুস্থতার প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে একসঙ্গে এত শ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। অসুস্থতার প্রকৃত কারণ দ্রুত নির্ণয় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিকরা।

আপনার মতামত লিখুন :