সোনারগাঁয়ে ৩৬০ ফুট সড়ক উন্নয়নকাজের উদ্বোধন, বদলাবে স্থানীয় যোগাযোগব্যবস্থা

মইন আল হোসাইন , সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬, ০৫:১০ পিএম

সোনারগাঁয়ে ৩৬০ ফুট সড়ক উন্নয়নকাজের উদ্বোধন, বদলাবে স্থানীয় যোগাযোগব্যবস্থা

ফাইল ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পানাম গাবতলী শাওবাড়ি এলাকার শাহামুদ্দিনের বাড়ি থেকে বৈদ্যেরবাজার ইউনিয়নের গাবতলী কালভার্ট পর্যন্ত সড়ক উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের শাওপাড়া এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ কাজের উদ্বোধন করা হয়।

 সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন বৈদ্ধ্যের বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি জানান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের বিশেষ উদ্যোগে সরকারি বরাদ্দে ১২০ ফুট আরসিসি ঢালাইয়ের পাশাপাশি স্থানীয় জনগণের চলাচলের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে আরও ২৪০ ফুট সিসি ঢালাই করা হচ্ছে। সব মিলিয়ে প্রায় ৩৬০ ফুট সড়কের উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।

উদ্বোধনকালে আবদুল্লাহ আল মামুন বলেন, বৈদ্যেরবাজার ইউনিয়নের জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। স্থানীয় মানুষের দুর্ভোগ কমিয়ে একটি উন্নত যোগাযোগব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা করছেন, সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি এলাকার সার্বিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

Link copied!