ঢাকার ধামরাইয়ে অস্বাস্থ্যকর ও খোলা পরিবেশে মাংস বিক্রির অভিযোগে বাবুল কসাই নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার কালামপুর বাজারের তিন রাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।
অভিযান সূত্রে জানা যায়, কালামপুর বাজারের তিন রাস্তার মোড়ে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যবিধি না মেনে খোলা পরিবেশে মাংস বিক্রি করে আসছিলেন ওই ব্যবসায়ী। এতে মাংস ধুলাবালি, ময়লা ও মাছির সংস্পর্শে আসায় জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছিল। অভিযানের সময় বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে এলে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির অপরাধে ব্যবসায়ী বাবুল কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে মাংস বিক্রির জন্য সতর্ক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, বাজারে নিয়মিত মাংস বিক্রি হলেও অনেক ব্যবসায়ী স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীন। খোলা জায়গায় মাংস ঝুলিয়ে রাখায় ধুলাবালি ও মাছির সংস্পর্শে আসা মাংস ভোক্তাদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, “জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে বাজারে মাংস বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। ব্যবসায়ীদের পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে মাংস বিক্রি এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন :