নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮ বছরের কন্যা শিশুকে অপহরণ করে পালানোর সময় জনতার হাতে আটক হওয়া নারীর বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। আটককৃত নারী আড়াইহাজার, সোনারগাঁসহ আশেপাশের থানার ৫টি অপহরণ মামলার আসামি। আটকৃত মহিলার নাম রিমা আক্তার। তিনি সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা গ্রামের মৃত আলী আকবরের মেয়ে।
রবিবার (২৩ আগস্ট) রাত ৭.৩০ মিনিটে উপজেলার বারদী ইউনিয়নের বটেরপাড়া গ্রামের আলামিনের মেয়ে আফরিন (৮) কে অপহরণ করে পালানোর সময় মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের কবরস্থানের পাশে জনতার হাতে আটক হয় রিমা। স্থানীয় সূত্রে জানা যায়, অপহরণের পর পথে আফরিনের জ্ঞান ফিরে আসলে সে চিৎকার শুরু করে। শিশুটির চিৎকার শুনে আশপাশের মানুষজন দ্রুত জড়ো হয়ে যায়। পরে আফরিনকে জিজ্ঞাসা করলে সে বাঁচানোর আকুতি জানায়।
এ সময় স্থানীয় লোকজন ওই মহিলাকে আটক করে সোনারগাঁ থানা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহরণকারী মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিমা জানায়, তার নিজের ১০-১১ মাস বয়সী একটি বাচ্চা রয়েছে। তবে তার কোলে থাকা শিশু বাচ্চাটি তার নিজের কিনা সে ব্যাপারে কোনো প্রমাণ দিতে পারেনি। তাই কোলে থাকা শিশু বাচ্চাটি অন্য কারো কিনা সে বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। বর্তমানে শিশু আফরিন ও অপহরণকারী রিমা আক্তার পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

আপনার মতামত লিখুন :