ইসলামী বিশ্ববিদ্যালয়ে চালু হতে যাচ্ছে 'আধুনিক ভাষা ইনস্টিটিউট

ওয়াসিফ আল আবরার , ইবি সংবাদদাতা

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ০৫:১৬ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চালু হতে যাচ্ছে 'আধুনিক ভাষা ইনস্টিটিউট

ফাইল ফটো

আন্তর্জাতিক যোগসূত্র ও যোগাযোগের দক্ষতা বাড়াতে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'আধুনিক ভাষা ইনস্টিটিউট' প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি তৃতীয় ভাষা বা আন্তর্জাতিক ভাষা শেখার সুযোগ পাবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ইউজিসি আয়োজিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের দুদিনব্যাপী নীতিনির্ধারণী সংলাপের সার্বিক বিষয় নিয়ে আলাপকালে এই উদ্যোগের ব্যাপারে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

তিনি বলেন, আমরা কিভাবে শিক্ষার্থীদেরকে মানবসম্পদে রূপান্তর করতে পারি, ​সেই লক্ষ্যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় তার স্ব-স্ব জায়গা থেকে এই পরিকল্পনাগুলো গ্রহণ করবে। আমরা ইতিমধ্যেই কিছু পরিকল্পনা নিয়েছি। আমাদের যে শিক্ষা কারিকুলাম আছে, তাতে কিছু মৌলিক জিনিস আমরা যুক্ত করতে চাই। ​যাতে শিক্ষার্থীদের বাস্তব জ্ঞানভিত্তিক এবং ব্যবহারিক বিষয়গুলো কারিকুলামে অন্তর্ভুক্ত হতে পারে। শুধু ট্রেডিশনাল পদ্ধতিতে শিক্ষাটা যেন সীমাবদ্ধ না থাকে।

উপাচার্য জানান, বাংলা ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষণের ব্যাপারে এই লক্ষ্যে সরকারের সাথে আমরা একমত পোষণ করেছি। ভাষা ইন্সটিটিউট প্রতিষ্ঠার ক্ষেত্রে সিন্ডিকেট ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক অনুমোদন পাওয়ার পর বিষয়টি এখন চালু করার জন্য চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নতুন এই ইনস্টিটিউটে বাংলা ও ইংরেজির পাশাপাশি চাইনিজ, জাপানিজ ভাষা শিক্ষা কার্যক্রম চালু হবে। কারিকুলামে বাস্তব ও ব্যবহারিক জ্ঞান অন্তর্ভুক্তির এই উদ্যোগ শিক্ষার্থীদের মানসম্মত মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।

Link copied!