চেয়ারম্যানশূন্য পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদ

শাহ আলম , গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ০৬:৪৫ পিএম

চেয়ারম্যানশূন্য পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদ

ফাইল ফটো

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদ বর্তমানে সম্পূর্ণ চেয়ারম্যান শূন্য অবস্থায় রয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে পরিষদের সকল কার্যক্রম। জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সদনসহ জরুরি নানা প্রাতিষ্ঠানিক সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের ১৭ হাজারেরও বেশি বাসিন্দা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম উদ্দিনের আকস্মিক মৃত্যু হয়। এর পর থেকেই মূলত অভিভাবকহীন হয়ে পড়ে এই ইউনিয়ন পরিষদটি। নিয়মতান্ত্রিকভাবে প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের কথা থাকলেও ইউপি সদস্যদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও জটিলতার কারণে এখনো নতুন কাউকে দায়িত্ব দেওয়া সম্ভব হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২২ সালের নির্বাচনে এই ইউনিয়নে গোলাম কিবরিয়া হেলাল চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে পরিষদের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে আলিম উদ্দিনকে ১ম প্যানেল চেয়ারম্যান, ফারুক আহমদ বাবুলকে ২য় প্যানেল চেয়ারম্যান এবং প্রবাসী রাণীকে ৩য় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর মূল চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল অনুপস্থিত থাকায় ১ম প্যানেল চেয়ারম্যান হিসেবে আলিম উদ্দিন দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে হেলাল চেয়ারম্যানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলে মৃত্যুর আগ পর্যন্ত আলিম উদ্দিনই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। সর্ব মোট ১৭ হাজার ৬১৮ জন ভোটারের এই ইউনিয়নে বর্তমানে নাগরিক সেবা পুরোপুরি বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা রিয়াজুল ইসলাম বলেন, চেয়ারম্যান না থাকায় আমাদের জরুরি কাগজপত্র বা সার্টিফিকেটের কাজ করানো যাচ্ছে না। প্রতিদিন ইউনিয়ন পরিষদে এসে সাধারণ মানুষকে ঘুরে যেতে হচ্ছে। আমরা দ্রুত এই সংকটের সমাধান চাই। এদিকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কাজের বিষয়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তা মুজিবুর রহমান জানান, চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বাক্ষর ও অনুমোদন ছাড়া অনেক গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ এবং সরকারি অনুদান বণ্টন আটকে আছে। দ্রুত কোনো সমাধান না হলে নাগরিক ভোগান্তি আরও তীব্র আকার ধারণ করবে।

বর্তমানে ২য় প্যানেল চেয়ারম্যান ফারুক আহমদ বাবুল দায়িত্ব পাওয়ার দাবি জানিয়ে বলেন, যেহেতু এতদিন ১ম প্যানেল চেয়ারম্যান আলিম উদ্দিন দায়িত্ব পালন করেছেন এবং উনার মৃত্যু হয়েছে, সেহেতু নিয়ম অনুযায়ী ২য় প্যানেল চেয়ারম্যান হিসেবে আমার কাছেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা। কিন্তু অজ্ঞাত কারণে এখনো আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। জনগণের ভোগান্তি দূর করতে আমি দ্রুত দায়িত্ব হস্তান্তরের জোর দাবি জানাচ্ছি।

ইউপি সদস্য মাসুক আহমদ বর্তমান প্যানেল বাতিলের দাবি জানিয়ে বলেন, বিগত সরকারের আমলে গঠিত এই প্যানেল তারা প্রত্যাখ্যান করছেন। জনগণের ভোগান্তি কমাতে দ্রুত নতুন প্যানেল গঠন ও যোগ্য ব্যক্তির কাছে দায়িত্ব হস্তান্তরের দাবি জানান তিনি। ইতিমধ্যে এই দাবিতে পরিষদের সাত সদস্যের স্বাক্ষরিত একটি স্মারকলিপি ইউএনও-র কাছে জমা দেওয়া হয়েছে। সার্বিক বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আমরা পুরোপুরি অবগত আছি। সরকারি বিধিমালা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে সেখানে দায়িত্ব হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। নাগরিক সেবা সচল রাখা ও জনগণের ভোগান্তি দূর করাই আমাদের প্রধান লক্ষ্য।

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মৃত্যু এবং ইউপি সদস্যদের প্যানেল পুনর্গঠনের এই রেষারেষিতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ জনগণ। স্থানীয় সচেতন মহল মনে করছেন, সাধারণ মানুষের স্বার্থে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আইনানুগ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

 

Link copied!