মেধা ও প্রতিভা বিকাশে নৈতিক শিক্ষার বিকল্প নেই" ডা. ইকরামুল বারী টিপু

‎ ‎মোঃ রায়হান আলী , মান্দা ‎(নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ০৮:৩২ পিএম

মেধা ও প্রতিভা বিকাশে নৈতিক শিক্ষার বিকল্প নেই" ডা. ইকরামুল বারী টিপু

ফাইল ফটো

‎শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতে নওগাঁর মান্দায় কৃতী শিক্ষার্থী ও সাফল্য অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা পরিষদ মুক্তমঞ্চে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ২৭৬ জন শিক্ষার্থীকে পুরস্কার এবং ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। ‎কৃতী শিক্ষার্থী এবং সাফল্য অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান পুরস্কৃতকরণ ২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

‎প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও সুশিক্ষার কোনো বিকল্প নেই। আজ যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, তারাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তিনি বলেন, শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা, স্কাউটিংসহ সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।

কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সাংসদ বলেন, তোমাদের আজকের অর্জন ভবিষ্যতের পথচলার অনুপ্রেরণা। ভালোভাবে লেখাপড়া করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেএটাই প্রত্যাশা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৫৮ জন, দাখিল পরীক্ষায় ৫ জন এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় বিদ্যালয় পর্যায়ে ৯১ জন, মাদ্রাসা পর্যায়ে ৪ জন ও এবতেদায়ী পর্যায়ে ১৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। এ ছাড়া এসএসসি পরীক্ষায় সাফল্যের স্বীকৃতি পেয়েছে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান। জুনিয়র বৃত্তি পরীক্ষায় ২টি, দাখিল পরীক্ষায় ১০টি মাদ্রাসা এবং প্রাথমিক বৃত্তিতে ৭টি বিদ্যালয়কে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, বাশিস মান্দা শাখার আহ্বায়ক সদেরুল ইসলাম, প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন ও আনিছুর রহমান, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি এরফান আলী মিয়া, একরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম এবং কৃতী শিক্ষার্থী এনাম আহমেদ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Link copied!