নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে নবনির্মিত সংসদ সদস্যদের পরিদর্শনকক্ষ উদ্বোধনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। উদ্বোধনী নামফলকে নাম অন্তর্ভুক্তি নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত সূত্র জানায়, পরিদর্শনকক্ষের উদ্বোধনী নামফলকে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমের নাম থাকলেও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলামের নাম না থাকায় তিনি আপত্তি জানান।
এ সময় দুই সংসদ সদস্যের মধ্যে দীর্ঘ সময় ধরে বাক্যবিনিময় হয়।বিলকিস ইসলাম বলেন, “আমি একজন সংসদ সদস্য। তাহলে আমাকে কেন প্রধান অতিথি করা হয়নি এবং নামফলকে আমার নাম কেন রাখা হয়নি? বিষয়টি আমি সংসদে উত্থাপন করব। জবাবে হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, এটি জাতীয় সংসদের সব সদস্যের ব্যবহারের জন্য। তবে সরকারি পরিপত্র অনুযায়ী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সংসদ সদস্যের নামই উদ্বোধনী ফলকে থাকে।
সংরক্ষিত নারী আসনের কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকা না থাকায় এ নিয়ম প্রযোজ্য নয় এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতা শাহীন আক্তার বলেন, পরিদর্শনকক্ষটি যেহেতু সব সংসদ সদস্যের ব্যবহারের জন্য, তাই উদ্বোধনী ফলকে দুই সংসদ সদস্যের নামই থাকা উচিত ছিল। অন্যদিকে, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহা ফাতেহা তাকমিলা জানান, উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়নি। দুই সংসদ সদস্য নিজ উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করেন। ঘটনাটি এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন :