ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর জন্য প্রযোজ্য বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যানকে তার দায়িত্ব পালনে সহায়তা করা এবং বিনিয়োগ উন্নয়ন ও সহজীকরণে কর্তৃপক্ষের ভূমিকা আরও জোরদার করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, ২১ আগস্ট চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
২০ আগস্ট থেকে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ কার্যকর হয়েছে। নতুন আইন অনুযায়ী, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ দেশে বিনিয়োগ সম্প্রসারণ, বিনিয়োগকারীদের সেবা প্রদান এবং বিনিয়োগসংক্রান্ত কার্যক্রম সমন্বয়ে কাজ করবে।

আপনার মতামত লিখুন :