মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার - প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মোঃ মোস্তাকিম রুবেল , মোকামতলা বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬, ০৫:০৮ পিএম

মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার - প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ফাইল ফটো

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মাঝে হুইলচেয়ার, ছাত্রীদের মাঝে বাইসাইকেল, শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ফলজ, ঔষধি ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়েছে। এছাড়া ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে স্যানিটারি ন্যাপকিন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে। উন্নয়নের সুফল যেন সমাজের প্রান্তিক মানুষ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও শিক্ষার্থীরা সমানভাবে পান, সরকার সে লক্ষ্যেই কাজ করছে। তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া তাদের শিক্ষাজীবনকে আরও সহজ ও গতিশীল করার উদ্যোগ। একইভাবে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া তাদের চলাচলের স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করার মানবিক দায়িত্ব।

মীর শাহে আলম বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই তাদের পড়াশোনার পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনমানের উন্নয়নকেও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সমাজের কোনো মানুষ যেন নিজেকে অবহেলিত মনে না করেন, সে জন্য রাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে স্যানিটারি ন্যাপকিন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

Link copied!