ছাতকের ইসলামপুরে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নাজমুল হাসান জুয়েল , ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ০৫:০২ পিএম

ছাতকের ইসলামপুরে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ফাইল ফটো

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুরে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট হাজী মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারী সাংবাদিক নাজমুল হাসান জুয়েল ও জয়েন্ট সেক্রেটারী আবু তাহেরের যৌথ পরিচালনায় অনুষ্ঠান শুরুতে  পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সোহায়েল আহমেদ শিহান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি, শিক্ষানুরাগী হাজী আবুল হাসান, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বাবুল মিয়া, হাজী আশিদ আলী এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দুদু মিয়া।

স্বাগত বক্তব্য দেন স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট এডুকেশন সেক্রেটারি ইব্রাহীম সাদেক। কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সারোয়ার আহমদ ও আলী ওয়াহাব ফারিব। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন দশম শ্রেণির ছাত্র সামিউল হাসান সামী ও নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়া আদিবা। বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের পরিবার নয়, পুরো এলাকার জন্য গর্বের বিষয়। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কৃতী শিক্ষার্থীদের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ইসলামপুর ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী ও স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

Link copied!