মোংলায় অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামানের সহযোগিতায় বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প

মোঃ ইশতিয়াক আহমেদ , মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬, ০৪:৪৪ পিএম

মোংলায় অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামানের সহযোগিতায় বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প

ফাইল ফটো

মানবতার সেবায় আমরা’এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় বিনামূল্যে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে চক্ষু, গাইনী ও মেডিসিনসহ বিভিন্ন চিকিৎসাসেবা গ্রহণ করেছেন ১২ শতাধিক রোগী। বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয়ও করা হয়। সোমবার (৩১ শে আগস্ট) মোংলার চালনা বন্দর সিনিয়র ফাজিল ডিগ্রি  মাদ্রাসা মাঠে এ মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবিরের আয়োজন করা হয়। ‘স্বাস্থ্যসেবা পৌঁছে যাক মানুষের দোরগোড়ায়’ এ লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এ ক্যাম্পে সকাল থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষের ভিড় দেখা যায়।

ক্যাম্পে বিনামূল্যে চক্ষু সেবা, গাইনী সেবা ও মেডিসিন চিকিৎসার পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা এবং ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়। এছাড়া চোখের ছানি রোগীদের বাছাই করে যোগ্য রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়। উক্ত মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতায় থাকা অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান, ’ বলেন, “চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার। অর্থের অভাবে বা দূরত্বের কারণে কোনো মানুষ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য।”

তিনি বলেন, “আজকের ক্যাম্পে ১২ শতাধিক মানুষ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। বিশেষ করে চক্ষু রোগীদের জন্য আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি। যেসব রোগীর চোখে ছানি রয়েছে এবং অপারেশনের জন্য উপযুক্ত, তাদের বাছাই করে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। একজন মানুষ চিকিৎসা নিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারলে সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

তিনি আরো বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই সবচেয়ে বড় মানবিক দায়িত্ব। অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার এ আয়োজন অত্যন্ত প্রশংসনীয় মনে করি। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো উপকৃত হবে এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। উক্ত মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিন বলেন, “সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের মেডিকেল ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার সুযোগ তৈরি করা একটি মহৎ উদ্যোগ। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত।”

আয়োজকরা জানান, ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়েছে। চক্ষু রোগীদের মধ্য থেকে ছানি অপারেশনের জন্য উপযুক্ত রোগীদের বাছাই করা হয়েছে। পরবর্তীতে তাদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে ১২ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগী ও তাদের স্বজনরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানুষের পাশে দাঁড়ানো এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। উক্ত অনুষ্ঠানের আয়োজক আলোকিত বাগেরহাট।সহযোগিতায় ছিলেন, অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান ও আদ্-দীন মেডিকেল কলেজ হাসপাতাল।

Link copied!