পরিবেশ দূষণের দায়ে সোনারগাঁ চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

ফাহাদুল ইসলাম , নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬, ০৬:৫৪ পিএম

পরিবেশ দূষণের দায়ে সোনারগাঁ চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

ফাইল ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শীলমন্দী এলাকায় অবস্থিত চৈতী কম্পোজিট লিমিটেডকে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (৩১ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরিবেশ অধিদপ্তর জানায়, গত ৯ জুন অধিদপ্তরের ঢাকা নমুনা সংগ্রহকারী দল কারখানাটি সরেজমিন পরিদর্শন করে। এ সময় কারখানার প্রতিনিধিদের উপস্থিতিতে ইটিপির নির্গমনস্থল থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করে তা ঢাকা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়।

পরীক্ষায় কারখানার তরল বর্জ্যে জৈব অক্সিজেন চাহিদা (বিওডি) ৭৬ মিলিগ্রাম/লিটার, রাসায়নিক অক্সিজেন চাহিদা (সিওডি) ৪২৯ মিলিগ্রাম/লিটার, মোট স্থগিত কঠিন পদার্থ (টিএসএস) ১৩৯ মিলিগ্রাম/লিটার, পিএইচ ৯.১৬ এবং রঙের মাত্রা ৫৩৩ পিটি-কো পাওয়া যায়। অধিদপ্তরের মতে, বর্জ্যে থাকা এসব উপাদানের মাত্রা পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ অনুযায়ী নির্ধারিত গ্রহণযোগ্য সীমার বাইরে রয়েছে, যা প্রতিষ্ঠানটির পরিবেশ দূষণের অভিযোগকে প্রমাণ করে।

প্রাপ্ত তথ্য-উপাত্ত ও নথিপত্র পর্যালোচনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৭ ধারা অনুযায়ী পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়। এর ভিত্তিতে চৈতী কম্পোজিট লিমিটেডের ওপর ৭৫ লাখ ৪ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

সিয়াম সরিষা
Link copied!