জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের জেরে দায়ের হওয়া ১৫ কোটি টাকার মানহানি মামলা থেকে দীর্ঘ প্রায় নয় বছর পর অব্যাহতি পেয়েছেন সাংবাদিক অপু খন্দকার। অভিযোগের পক্ষে পর্যাপ্ত ও গ্রহণযোগ্য ভিত্তি না পাওয়ায় মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইসমাইল হোসেন শুনানি শেষে মামলাটি খারিজের আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, সিআর মামলা নং-১২৯৪/২০১৭ ২০১৭ সালে দায়ের করা হয়। দীর্ঘদিন ধরে মামলাটির আইনি কার্যক্রম চলার পর অবশেষে দীর্ঘ শুনানি শেষে আদালত এটি খারিজ করে দেন।
মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৭ সালে ঢাকা-২০ (ধামরাই) আসনের তৎকালীন সংসদ সদস্য এম এ মালেকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়। এসব সংবাদ প্রকাশের পর সাংবাদিক অপু খন্দকারের বিরুদ্ধে ১৫ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন এম এ মালেকের স্ত্রী এবং বাংলাদেশ মহিলা যুবলীগের কেন্দ্রীয় নেত্রী মিনা মালেক।
মামলায় সংবাদ প্রকাশ ও প্রচারের মাধ্যমে মানহানি করার অভিযোগ আনা হয়। তবে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অভিযোগের পক্ষে পর্যাপ্ত ও গ্রহণযোগ্য ভিত্তি না পাওয়ায় আদালত মামলাটি খারিজ করে দেন।
আদালতের আদেশের পর সাংবাদিক অপু খন্দকার বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের কারণে তাকে দীর্ঘ সময় মামলার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। সাংবাদিকতার দায়িত্ব পালনের অংশ হিসেবে সত্য ও জনস্বার্থের বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। দীর্ঘদিন পর আদালতের এ আদেশে তিনি ন্যায়বিচার পেয়েছেন বলেও মন্তব্য করেন।
অপু খন্দকারের আইনজীবী রফিকুল ইসলাম শিহাব বলেন, তৎকালীন সংসদ সদস্য এম এ মালেকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর এ মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত মামলাটি খারিজ করেছেন।
সাংবাদিক অপু খন্দকার ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন-এর জেলা প্রতিনিধি হিসেবে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় দায়িত্ব পালন করেন। এ সময় তিনি বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, জনদুর্ভোগ ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে সংবাদ প্রকাশ ও প্রচার করেন। বর্তমানে তিনি দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগে ঢাকা বিভাগীয় ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত লিখুন :