পোরশায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে মতবিনিময়

নাজমুল হক , নওগাঁ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৯ পিএম

পোরশায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে মতবিনিময়

ফাইল ফটো

নওগাঁর পোরশায় মুশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মাদকদ্রব্যের অপব্যবহার, বাল্যবিবাহ ও টিনেজ সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। মুশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় পুলিশ সুপার শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন ও মতামত মনোযোগ দিয়ে শোনেন। পরে তিনি মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে প্রায় ঘণ্টাব্যাপী পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন।

উপস্থাপনায় পুলিশ সুপার মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের নেতিবাচক দিক এবং কিশোর-কিশোরীদের বিপথগামী হওয়ার বিভিন্ন কারণ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। একই সঙ্গে মাদক ও অপরাধ থেকে দূরে থেকে লেখাপড়ায় মনোযোগী হয়ে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), পোরশা থানার অফিসার ইনচার্জ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দসহ তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত মুশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোনো পুলিশ সুপার বিদ্যালয়টিতে এসে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন। প্রত্যন্ত এলাকায় এসে শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগ নেওয়ায় তিনি পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

সিয়াম সরিষা
Link copied!