মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজী) মো. মঈন উদ্দিন চৌধুরীর নিকাহ্ রেজিস্ট্রার লাইসেন্স বাতিলের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের গত ৯ জুলাই ২০২৬ তারিখের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত আপাতত কার্যকর হচ্ছে না।রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশন নং-৯২৩৩/২০২৬-এর শুনানি শেষে আদালত এ আদেশ দেন। রিটে মো. মঈন উদ্দিন চৌধুরীকে আবেদনকারী হিসেবে উল্লেখ করা হয়।
আদালতের আদেশসংক্রান্ত আইনজীবীর প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে, আবেদনকারীর নিকাহ রেজিস্ট্রার লাইসেন্স বাতিল করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিবের ৯ জুলাই ২০২৬ তারিখের স্মারকের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মঈন উদ্দিন চৌধুরীর পক্ষ থেকে হাইকোর্টে রিট আবেদন করা হয়। শুনানিতে তার আইনজীবী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের গত ৯ জুলাই আদেশের কার্যকারিতা স্থগিতের আবেদন জানান।
শুনানি শেষে হাইকোর্ট ওই আদেশের কার্যকারিতা (তিন মাসের) জন্য স্থগিত করেন। আদালতের এ সিদ্ধান্তের ফলে ৯ জুলাইয়ের লাইসেন্স বাতিলের আদেশ আপাতত কার্যকর থাকছে না। আইনজীবীর প্রত্যয়নপত্রে আরও বলা হয়েছে, আদালতের সিদ্ধান্ত সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। উল্লেখ্য যে, গত ৯ জুলাই বিভিন্ন সংবাদমাধ্যমে মঈন উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে নিকাহ রেজিস্ট্রারের কার্যক্রম পরিচালনার অভিযোগ এবং এর পরিপ্রেক্ষিতে তার লাইসেন্স বাতিল হয়েছিল।
কাজী মাঈন উদ্দিন জানান অবৈধভাবে আমার কাজীর লাইসেন্স বাতিলের খবরে আমি মানসিক এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও হহাইকোর্টে আমার আবেদন মঞ্জুর করায় আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমি ন্যায়বিচার পেয়েছি এ স্থগিত আদেশের মাধ্যমে।

আপনার মতামত লিখুন :