কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম আকস্মিকভাবে ভেড়ামারা থানা পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে তিনি কোনো পূর্বঘোষণা ছাড়াই ভেড়ামারা থানায় উপস্থিত হয়ে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পুলিশ সুপারের আকস্মিক এ পরিদর্শনে থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মধ্যে দায়িত্ব পালনে আরও তৎপরতা ও পেশাদারিত্বের বার্তা পৌঁছে যায়।
পরিদর্শনের শুরুতেই পুলিশ সুপার থানায় অনুষ্ঠিত রাত্রিকালীন রোলকলে অংশগ্রহণ করেন। এ সময় তিনি উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন। ব্রিফিংকালে পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রদত্ত বিভিন্ন করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে উপস্থিত কর্মকর্তাদের অবহিত করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের সঙ্গে ভালো আচরণ, দায়িত্ব পালনে সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি কর্মকর্তা ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, পেশাদারিত্ব, নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রেখে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষ যেন পুলিশের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পান এবং থানায় এসে কোনো ধরনের হয়রানি বা বিড়ম্বনার শিকার না হন সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন। এরপর পুলিশ সুপার ভেড়ামারা থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি থানার হাজতখানা, অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে তিনি সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখা, সরকারি সম্পদের অপচয় রোধ এবং থানার সার্বিক পরিবেশ সুশৃঙ্খল রাখার ওপরও গুরুত্বারোপ করেন। এ সময় পুলিশ সুপার থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
ভেড়ামারা থানা পরিদর্শন শেষে পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল অফিস পরিদর্শন করেন। সেখানেও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শনকে কেন্দ্র করে ভেড়ামারা থানা ও সার্কেল অফিসের সার্বিক কার্যক্রমে শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান, ওসি (তদন্ত) মোঃ রাকিবুল ইসলামসহ ভেড়ামারা থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

আপনার মতামত লিখুন :