সুন্দরবনের খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

এস কে সিরাজ , শ্যামনগর,সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১৭ পিএম

সুন্দরবনের খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মোকছেদ গাজী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা এলাকায় খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বালুভর্তি একটি বোট জব্দ করা হয়। এ সময় বালু উত্তোলনের অভিযোগে মোকছেদ গাজীকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সরকারি বিধিনিষেধ অমান্য করে কেউ নদী থেকে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!