টুঙ্গিপাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

জসিম মুন্সী , টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭ এএম

টুঙ্গিপাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সকাল সাড়ে ১০টার দিকে পাটগাতী বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে গওহরডাঙ্গা চৌরাস্তা ও পাটগাতী বাজার প্রদক্ষিণ করে পৌর মার্কেট এলাকায় গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। সেখানে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, ‘এই টুঙ্গিপাড়া আমারও জন্মস্থান। যারা টুঙ্গিপাড়ায় বিএনপির রাজনীতি করেন, তাদের প্রত্যেকেরই এই মাটির সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। তাই রাজনীতি করবেন এবং কথা বলবেন শালীনতার সঙ্গে।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর পদ্মা নদী পাড়ি দিয়ে এখানে এসেছি। তাই আমাদের মধুমতি নদীর ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কারণ আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছি, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে থেকেছি।’এস এম জিলানী বলেন, ‘আজ টুঙ্গিপাড়ার মাটিতে রাজনৈতিকভাবে এত বড় শোভাযাত্রা প্রদর্শনের মাধ্যমে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন ইতিহাস সৃষ্টি করেছে।’ যারা দেশ-বিদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে হুংকার দিচ্ছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, ‘জাতীয়তাবাদী দল প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তবে জাতীয়তাবাদী দলের ওপর কোনো ধরনের উসকানি বা অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করা হলে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে তার রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।’

আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতারা বাংলাদেশের মানুষের কষ্টার্জিত টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছেন। সেই পাচার করা অর্থ দিয়ে বিদেশে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে দেশের নেতাকর্মীদের উসকানি দেওয়া হচ্ছে।’ তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘সাহস ও রাজনৈতিক শক্তি থাকলে মাঠে আসুন। আমরা আপনাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করব, অন্য কোনো পন্থায় নয়।’

সমাবেশে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সহসভাপতি জিল্লাল শেখ, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলাম, বিএনপি নেতা আকবর হোসেন, বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি প্রকৌশলী জাহাঙ্গীর কবির, কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি কদর শেখসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই টুঙ্গিপাড়ার পাটগাতী এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। শোভাযাত্রা ও সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Link copied!