নাগেশ্বরীতে সার না পেয়ে ডিলারের গুদামে ভাঙচুর, উত্তপ্ত পরিস্থিতি

আবু সাঈদ ইসলাম , নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১৬ পিএম

নাগেশ্বরীতে সার না পেয়ে ডিলারের গুদামে ভাঙচুর, উত্তপ্ত পরিস্থিতি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় চাহিদা অনুযায়ী সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা একটি সার ডিলারের গুদামের টিনের বেড়া ভাঙচুর করেছেন। এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে কচাকাটার একটি সার ডিলার পয়েন্টের সামনে সারের জন্য ভিড় করেন স্থানীয় কৃষকরা। সকাল ৭টা থেকে প্রায় ৯টা পর্যন্ত অপেক্ষা করার পরও সার সরবরাহে অনিয়মের কারণে সার না পেয়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় কৃষক রবিউল ইসলাম ও জাহিদুল ইসলামসহ কয়েকজন অভিযোগ করেন, দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা প্রয়োজনীয় সার পাচ্ছিলেন না। এতে কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে কৃষকরা সার ডিলারের গুদামের দিকে অগ্রসর হন এবং গুদামের টিনের বেড়া ভাঙচুর শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ফসল উৎপাদনের গুরুত্বপূর্ণ সময়ে সার না পাওয়ায় চাষাবাদ ব্যাহত হচ্ছে।

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরতে হচ্ছে কৃষকদের। এতে ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতির আশঙ্কা ও আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার কথা জানিয়েছেন তারা। স্থানীয় কৃষক ও বাসিন্দারা সার সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সার বিতরণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Link copied!