মাগুরায় ৩২৮ বস্তা সরকারি সারসহ গ্রেপ্তার ২

জসীম উদ্দীন , শালিখা (মাগুরা) সংবাদদাতা

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০০ পিএম

মাগুরায় ৩২৮ বস্তা সরকারি সারসহ গ্রেপ্তার ২

মাগুরার শ্রীপুরে সরকারি সরবরাহকৃত রাসায়নিক সার অবৈধভাবে মজুদ ও কালোবাজারির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) ও শ্রীপুর থানা পুলিশ। অভিযানে একটি বসতবাড়ি, গুদাম ও দোকানঘর থেকে ৩২৮ বস্তা সরকারি সার জব্দ করা হয়েছে। সোমবার আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, দেশে পর্যাপ্ত সার মজুদ থাকা সত্ত্বেও অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে সার বিক্রির কারণে আমন মৌসুমে কৃষকরা ভোগান্তির শিকার হচ্ছিলেন। এ তথ্যের ভিত্তিতে সরকারি নির্দেশনায় গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযান পরিচালনা করা হয়।

গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টা থেকে ৬ সেপ্টেম্বর রাত ১টা পর্যন্ত উপজেলা প্রশাসন, কৃষি অফিস ও শ্রীপুর থানা পুলিশের যৌথ অভিযানে আমলসার এলাকার শহিদ জোয়াদ্দারের বসতবাড়ি, গুদাম এবং নবাব জোয়াদ্দারের দোকানঘরে তল্লাশি চালিয়ে সরকারি বিভিন্ন ধরনের ৩২৮ বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় ৬ সেপ্টেম্বর শ্রীপুর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(১) ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় শ্রীপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছা. সেলিনা ইয়াসমিন, মো. শাহীন জোয়াদ্দার ও নবাব জোয়াদ্দারকে আসামি করা হয়। মামলার পর পুলিশের বিশেষ অভিযানে সোমবার শাহীন জোয়াদ্দার ও নবাব জোয়াদ্দারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সার মজুদ ও কালোবাজারির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সরকারি সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Link copied!