ধামরাইয়ে শিল্প-কারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা

আলাল হোসেন (সজিব) , ধামরাই (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৮ পিএম

ধামরাইয়ে শিল্প-কারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা

কৃষি ও পরিবেশ সুরক্ষায় শিল্প-কারখানার বর্জ্য, পয়োনিষ্কাশন ও পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থাপনা এবং শিশুশ্রম নিষিদ্ধকরণ বিষয়ে ঢাকার ধামরাইয়ে শিল্প-কারখানার মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ। সভায় ধামরাইয়ে স্থাপিত প্রায় ৫২টি শিল্প-কারখানার মালিক ও প্রতিনিধি এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অভিযোগ ওঠে, ধামরাইয়ের কয়েকটি শিল্প-কারখানার বিষাক্ত তরল বর্জ্য ও অন্যান্য বর্জ্য পরিশোধন না করে সরাসরি গাজীখালী নদীতে ফেলা হচ্ছে। এতে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। নদীর পানি ব্যবহারের অনুপযোগী হওয়ার পাশাপাশি মাছসহ জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। একই সঙ্গে নদীর তীরবর্তী এলাকায় দুর্গন্ধ ও মশার উপদ্রব বেড়ে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ চরমে উঠেছে।

মতবিনিময় সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, ধামরাইয়ে স্থাপিত ৫২টি শিল্প-কারখানার মালিক ও প্রতিনিধিদের সঙ্গে পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। প্রত্যেক কারখানার মালিককে ইটিপি (Effluent Treatment Plant) ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কোনো কারখানা ইটিপি ব্যবহার না করলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!