নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাজারে ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর অধীনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে চারটি ফার্মেসির বিরুদ্ধে মামলা দায়ের করে প্রত্যেকটিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) কাঁচপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট চারটি মামলা দায়ের করা হয় এবং চারটি ফার্মেসিকে সর্বমোট ২২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। অভিযানে নারায়ণগঞ্জ জেলার ওষুধ তত্ত্বাবধায়ক এবং সোনারগাঁ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা আইনবহির্ভূত কোনো কার্যক্রমের ক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগ নেই। ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত ওষুধ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ‘ফার্মেসি মালিকদের আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

আপনার মতামত লিখুন :