রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার ও বাদামতলী এলাকায় ফুটপাত এবং সড়ক দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক লালবাগ বিভাগ। ট্রাফিক লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মফিজুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বাবুবাজার ব্রিজের নিচে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ইজারা বাতিল করা চারটি ব্লকের অবৈধ ভাসমান দোকান, বিভিন্ন স্থাপনা এবং অবৈধ পার্কিং সরিয়ে দেয়া হয়। একই সঙ্গে বাদামতলী থেকে ওয়াইজঘাট ও আরমানিটোলা কেসিদে দত্ত রোড সড়কের বিভিন্ন অংশে গড়ে ওঠা অবৈধ পার্কিং গাড়ি ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।
সড়ক ও ফুটপাতে অবৈধ পার্কিং এবং যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৩১টি মামলা ও ৬টি ভিডিও মামলা দায়ের করা হয় । এছাড়া ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে ব্যবসায়ীদের সর্তক করা হয়।
অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ট্রাফিক লালবাগ বিভাগের ডিসি মো. মফিজুল ইসলাম বলেন, পুরান ঢাকাকে যানজটমুক্ত, সুন্দর ও সুশৃঙ্খল এলাকায় রূপান্তর করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, সড়কে কোন গাড়ি পাকিং করা যাবে না। এছাড়া ভারী যানবাহনগুলো নির্ধারিত সময়ের বাইরে যেন সড়কে চলাচল বা পার্কিং না করতে পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলে তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন :