জাহাঙ্গীর আলম রাজু : তরুণদের ক্যারিয়ার উন্নয়ন, চাকরির সুযোগ সৃষ্টি এবং করপোরেট জগতের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি সংযোগ তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘নাইটার ন্যাশনাল জব ফেস্ট ২০২৬’। আয়োজনে ৫০টিরও বেশি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবং ২০০টিরও বেশি চাকরির সুযোগ রাখা হয়েছে। এছাড়া আয়োজনে ‘স্পার্কট্যাঙ্ক ২৬’ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ১ লাখ টাকা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাইটার ক্যারিয়ার ক্লাবের আয়োজনে এই জব ফেস্ট অনুষ্ঠিত হয়।
জব ফেস্টে চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীদের জন্য সিভি ড্রপ ও করপোরেট ক্যারিয়ার টকের ব্যবস্থা ছিল। বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগকর্তা, শিল্পখাতের নেতৃবৃন্দ ও করপোরেট পেশাজীবীদের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি চাকরি ও ইন্টার্নশিপের জন্য সিভি জমা দেওয়ার সুযোগ পেয়েছেন অংশগ্রহণকারীরা। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ‘স্পার্কট্যাঙ্ক ২৬ – কেস ক্যাটালিস্ট অ্যান্ড পাবলিক স্পিকিং অ্যান্ড লিডারশিপ কম্পিটিশন ১.০’। বাস্তব ব্যবসায়িক ও সামাজিক সমস্যা সমাধানের মাধ্যমে প্রতিযোগীদের বিশ্লেষণী চিন্তাভাবনা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান ও নেতৃত্বের সক্ষমতা যাচাই করা হয়। বিজয়ীর জন্য ১ লাখ টাকা পুরস্কারের পাশাপাশি ফাইনালিস্টদের জন্য বিশেষ ক্যারিয়ারের সুযোগ রাখা হয়েছে।
আয়োজকরা জানান, করপোরেট ক্যারিয়ার টক ও ইন্টারঅ্যাকটিভ সেশনের মাধ্যমে তরুণরা চাকরির বাজারের চাহিদা, কর্মজীবনের প্রস্তুতি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে ধারণা পেয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। সভাপতিত্ব করেন নাইটারের পরিচালক আশেকুল আলম রানা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএমএ-এর সহ-সভাপতি ও পুরবাণী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম সরকার। অনুষ্ঠানে বিটিএমএ, নাইটার, স্কয়ার টেক্সটাইল বিভাগ ও আল-মুসলিম গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব মো. জিল্লুর রহমান। আয়োজনে ছিল নাইটার ক্যারিয়ার ক্লাব এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল আশুলিয়া মডেল প্রেসক্লাব।

আপনার মতামত লিখুন :