ডাকাতির প্রস্তুতির সময় র‍্যাব সদস্যসহ ৫ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩৫ এএম

ডাকাতির প্রস্তুতির সময় র‍্যাব সদস্যসহ ৫ জন গ্রেফতার

ফাইল ফটো

রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে র‍্যাবের এক সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত এক জোড়া হ্যান্ডকাফ, কালো স্কচটেপ, একটি শপিং ব্যাগ ও একটি হাইয়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিটে বনানী থানার ‘এ’ ব্লকের ৪ নম্বর সড়কে খায়ের প্যালেসের সামনে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ডিবির গুলশান বিভাগের প্রায় ৪৫ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)।

ডিবি সূত্র জানিয়েছে, মাসুদ রানা র‍্যাবের একজন সৈনিক। তিনি র‍্যাব সদর দপ্তরের ডগ স্কোয়াড বিভাগে কর্মরত।

ঘটনার বিষয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তাঁরা অবগত হয়েছেন এবং গ্রেপ্তারের পর ডিবি প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাসুদ রানাকে র‍্যাব কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।

তিনি বলেন, ঘটনাটি তদন্তে একজন মেজরের নেতৃত্বে তদন্ত পর্ষদ গঠন করা হয়েছে। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রাজধানীর মিন্টো রোডে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বনানী থানায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তদন্তে গ্রেপ্তার ব্যক্তিরা কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে যুক্ত কি না, তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস কী এবং এর আগে তাঁরা কোনো অপরাধে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডিবি প্রধান।

সিয়াম সরিষা
Link copied!