ঢাকার দোহারে দেশীয় প্রজাতির মাছ ও মৎস্য সম্পদ রক্ষায় দুটি অবৈধ চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ২৮০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ শেষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার জয়পাড়া লটাখোলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাঈদুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নী ও তাঁর টিম।
অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় ও সার্বিক সহযোগিতায় সক্রিয় ভূমিকা পালন করে বাংলাদেশ নৌ-পুলিশের কুতুবপুর ফাঁড়ির একটি দল। উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ লটাখোলা বাজারের দুটি অবৈধ জাল তৈরির কারখানায় এই আকস্মিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মৎস্য সম্পদ ধ্বংসকারী ২৮০ পিস ক্ষতিকর চায়না দুয়ারী জাল জব্দের পর তা প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় অপরাধের সাথে জড়িত একজনকে আটক করা হলেও ভবিষ্যতে এই ধরণের অবৈধ কাজের সাথে যুক্ত না থাকার শর্তে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :