মাদক ছেড়ে খেলতে চল স্লোগানে গোয়ালদীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

আলাল হোসেন (সজিব) , ধামরাই (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ০৪:৪৯ পিএম

মাদক ছেড়ে খেলতে চল স্লোগানে গোয়ালদীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

ফাইল ফটো

মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে শান্তি-সম্প্রীতি আহ্বান গোয়ালদীর উদ্যোগে ঢাকার ধামরাইয়ে অনুষ্ঠিত হয়েছে গোয়ালদী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।গোয়ালদী আশ্রয়ন প্রকল্পের কেন্দ্রীয় খেলার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় কালামপুর মধ্যপাড়া ও গাজীরচট ফুটবল একাডেমি। উত্তেজনাপূর্ণ ম্যাচে গাজীরচট ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কালামপুর মধ্যপাড়া।

খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে ফাইনাল ম্যাচটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ান আহমেদ চৌধুরী (রবিন)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জনাব মাসুদ কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোমভাগ ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক জনাব আব্দুল খালেক। এছাড়া উপস্থিত ছিলেন সুতিপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ানুরাগীরা। আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এমন আয়োজন করা হয়েছে।

Link copied!