মাদক, কিশোর গ্যাং ও দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সোনারগাঁয়ের ওসি

মইন আল হোসাইন , সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ০৪:৪১ পিএম

মাদক, কিশোর গ্যাং ও দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সোনারগাঁয়ের  ওসি

ফাইল ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারিকের সঙ্গে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় সোনারগাঁ থানার নতুন ভবনের তৃতীয় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ওসি মো. আবদুল বারিক কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “সোনারগাঁ থানায় কোনো দালালের ঠাঁই হবে না। থানায় সেবা নিতে কোনো টাকা লাগবে না। কেউ দালালি করতে এলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে থানায় এসে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সেজন্য পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে এবং আইনি সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। অপরাধ দমনে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়ে ওসি আবদুল বারিক বলেন, মাদক কারবারি, কিশোর গ্যাং ও কিশোর অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

ওসি বলেন, থানাকে সাধারণ মানুষের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে চান তিনি। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে সেবাগ্রহীতাকে হয়রানি বা অনৈতিকভাবে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সোনারগাঁয়ের শান্তিশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ওসি মো. আবদুল বারিক।

মতবিনিময় সভায় সেকেন্ড অফিসার গোলাম কিবরিয়াসহ সোনারগাঁয়ের বিভিন্ন প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সিয়াম সরিষা
Link copied!