বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপি সব সময় উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। কেরানীগঞ্জসহ সারা দেশে যে উন্নয়নের ধারা শুরু হয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আলীপুরে কোনাখোলা-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের সংস্কারকাজ ও শহীদ কাজী নাজিম উদ্দিন সেতুর নামকরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, একসময় কেরানীগঞ্জ ছিল ‘বাতির নিচে অন্ধকার’। তখন এখানে পর্যাপ্ত সেতু, ভালো শিক্ষাপ্রতিষ্ঠান ও উন্নত সড়ক যোগাযোগব্যবস্থা ছিল না। ১৯৯১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর কেরানীগঞ্জের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসে। তিনি বলেন, কেরানীগঞ্জের মানুষের যোগাযোগের সুবিধার জন্য বাবুবাজার, বসিলা ও আলীপুর সেতু এবং জিনজিরা আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করা হয়েছে বিএনপির আমলে। এ ছাড়া কোন্ডা থেকে হযরতপুর সড়ক নির্মাণেও বিএনপি সরকারের ভূমিকা ছিল।
বিএনপির এই নেতা বলেন, ‘ঢাকা-২ আসনের মানুষ আমার ওপর বিশ্বাস রেখে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। অবিভক্ত কেরানীগঞ্জের মানুষ আমাকে চারবার মন্ত্রী বানিয়েছেন। এবারও কেরানীগঞ্জের মানুষ ধানের শীষের প্রতি আস্থা রেখেছেন। দেশের গণতান্ত্রিক আন্দোলনে জিয়া পরিবারের ভূমিকার কথা তুলে ধরে আমান উল্লাহ আমান বলেন, দেশের গণতন্ত্রের জন্য জিয়া পরিবার সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে। দেশের বিভিন্ন ক্রান্তিকালে এই পরিবারের সদস্যরা জনগণের পাশে দাঁড়িয়েছেন। ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
আবার ১৯৯০ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী এরশাদ সরকারের পতন হয়েছিল। তিনি আরও বলেন, বিএনপি জনগণের পাশে থাকে, জনগণের সেবা করে এবং জনগণের জন্য কাজ করে বলেই জনগণ বারবার দলটিকে ক্ষমতায় এনেছে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। সারা দেশে এখন উন্নয়নকাজ শুরু হয়েছে, এই ধারা আর থামবে না।
আমান উল্লাহ আমান বলেন, ‘যারা জনগণের চোখের ভাষা বোঝে না, তারা একসময় দেশ ছেড়ে পালিয়ে যায়। জনগণের আস্থা ও প্রত্যাশা বুঝতে পেরেছেন বলেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের আস্থার প্রতিফলন ঘটাবেন। তিনি সরকার ও জনগণের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করবেন। নিজের দলীয় দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান আস্থা রেখে আমাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য করেছেন। এজন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। জনগণের সেবা এবং এলাকায় সুশাসন নিশ্চিত করার মাধ্যমে এই আস্থার প্রতিফলন ঘটাব, ইনশাআল্লাহ।’ অনুষ্ঠানে আমান উল্লাহ আমান জনগণকে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানান।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এ সময় আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফকর উদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, হযরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলুল করিম মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা ওয়ালীউল্লাহ সেলিম এবং কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল ইসলামসহ বিএনপি ও এর অংগ সংগঠন এর অসংখ্য নেতাকর্মী।

আপনার মতামত লিখুন :