গাজীপুর মহানগরীর গাছা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গাছা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন আশরাফুল ইসলাম (৩৬): গাছা থানার ঝাজর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। তিনি গাছা থানার একটি নিয়মিত মামলার (মামলা নং-০২/২০২৫) আসামি। রিমান্ড শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ফয়সাল টুটুল (২৬): গাছা থানার হয়দারাবাদ-ছয়দানা হাজী পুকুর এলাকার নাজিমুদ্দিনের ছেলে। তাকে গাজীপুর মেট্রো অধ্যাদেশ-৭৮ অনুযায়ী নন-এফআইআর প্রসিকিউশন (নং-১৭৯/২০২৬) মামলায় আটক করা হয়। মানিক হোসেন (২৫): সাইনবোর্ড তেওড়বড় এলাকার বাসিন্দা (স্থায়ী ঠিকানা কালীগঞ্জ) তৈয়বুর রহমানের ছেলে। তার কাছ থেকে মাদক উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৭/২০২৬) রুজু করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বশির উল্লাহ (৪৫): বরিশালের বাকেরগঞ্জ এলাকার মৃত এসহাক মল্লিকের ছেলে। বর্তমানে মোহাম্মদপুর সোবহানবাগ এলাকায় বসবাসরত এই আসামির বিরুদ্ধে গাছা থানায় প্রতারণা ও হুমকির অভিযোগে মামলা রয়েছে। এস এম সালাম (৪৯): কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার চণ্ডীপুর এলাকার মৃত মজিদ ভূঁইয়ার ছেলে। তিনিও একই মামলার অন্যতম আসামি।মোছা. উষা খাতুন (২৫): কামারজুরী এলাকার আজিজুল ইসলামের স্ত্রী। বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা (প্রসেস নং-৭৪১/২৬) মূলে তাকে গ্রেপ্তার করা হয়।
গাছা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আউয়াল সরদার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চিহ্নিত অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :