বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত

মোঃ পারভেজ সেখ , ক্যাম্পাস প্রতিনিধি, বেরোবি

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৫, ০৪:৫৫ পিএম

ছবি: প্রতিদিনের কাগজ

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের  স্নাতক (সম্মান) ১ম বর্ষের ‘সি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা সারাদেশের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরেও (বেরোবি) অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।  এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ গ্রহণ করে ২ হাজার ৫৬৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। শিক্ষার্থী উপস্থিতির হার ছিল ৯৫ দশমিক ৮২ শতাংশ। 

পরিক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী গণমাধ্যমকে বলেন, ‘গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার ফলে শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের ভোগান্তি লাঘব হয়েছে। 

তিনি আরও বলেন, ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য আমরা সম্ভাব্য সকল কার্যক্রম সম্পন্ন করেছি।

উল্লেখ্য, আগামী ২ মে ‘বি’ ইউনিট (মানবিক) ও ৯ মে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা বেলা ১১টা-১২টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে । জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় আসন বিন্যাস, ফলাফল, নির্দেশনাসহ অন্যান্য সব তথ্য (https://gstadmission.ac.bd) এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

Advertisement

Link copied!