ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে ময়মনসিংহ প্রেসক্লাব। সোমবার (২ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আতাউল কিবরিয়া। আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক ও পিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য সরদার ফরিদ আহমদ।
বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গণমাধ্যম সাহসী ভূমিকা রেখেছে। তাই তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সংবাদ কপি-পেস্ট করে একাধিক মাধ্যমে ছাপা হওয়াকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেন বক্তারা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জিয়া আহমেদ সুমন। সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নবাব আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
প্রশিক্ষক হিসেবে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা। বিশেষ অতিথি ছিলেন জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল ও জিপি অ্যাডভোকেট আজাহারুল ইসলাম।
কর্মশালায় প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :