গাজীপুর সদর মেট্রো থানা এলাকার কালি বাড়ির সামনে এবং রাজবাড়ী রোড কেন্দ্রীয় জামে মসজিদের সামনের ফুটপাত ও সড়ক দখল করে গড়ে উঠা অস্থায়ী হকার ও ভ্যানগাড়ির বাজার সরিয়ে দিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকাল ৩টা থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান। স্থানীয় বাজার কমিটির সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
উচ্ছেদকালে দেখা যায়, দীর্ঘদিন ধরেই এই এলাকায় অস্থায়ীভাবে বাজার বসিয়ে ফুটপাত ও রাস্তা দখল করে রাখা হয়েছিল। এর ফলে গুরুত্বপূর্ণ সড়কটি প্রায় সময়ই তীব্র যানজটে ভুগছিল, বিশেষ করে নামাজের সময় মসজিদের সামনের রাস্তায় চলাচল হয়ে উঠত প্রায় অসম্ভব।
পথচারী আমানউল্লাহ বলেন, "প্রতিদিনই এখানে হাঁটতে কষ্ট হয়, রিকশা-ভ্যানের জটলায় মানুষ চলাফেরা করতে পারে না। আজকে প্রশাসনের এই অভিযান স্বস্তির।"
আরেকজন পথচারী কাসেম জানান, "সড়ক দখল করে বসা হকারদের কারণে কখনো কখনো বিশৃঙ্খলা পর্যন্ত দেখা যায়।"
বাবুল নামের এক প্রবীণ পথচারী বলেন, "জামাতে যেতে পর্যন্ত কষ্ট হয়, রাস্তা ক্লিয়ার থাকলে তো ভালো লাগেই।"
অভিযান প্রসঙ্গে অটোচালক আলমাস বলেন, "রাস্তা ফাঁকা থাকলে আমরাও ভালোভাবে যাত্রী তুলতে পারি, ঝামেলাও কমে।"
একই মত প্রকাশ করেন সিএনজি চালক আরিফ, "যানজট কমলে যাত্রীও খুশি, আমরাও দ্রুত রাইড দিতে পারি।"
ওসি মেহেদি হাসান বলেন, "ফুটপাত ও সড়ক সাধারণ মানুষের চলাচলের জন্য। কেউ যদি দখল করে ব্যক্তিস্বার্থে ব্যবহার করে, আমরা তা সহ্য করব না। এই ধরনের অভিযান চলমান থাকবে।"
বাজার কমিটির পক্ষ থেকেও জানানো হয়েছে, এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে তারা প্রশাসনের পাশে থাকবে এবং ভবিষ্যতে পুনরায় ফুটপাত দখল হলে ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :