আখতার হোসেন, গাজীপুর : গাজীপুরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকাকে শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্মরণে “শহীদ সাংবাদিক তুহিন চত্বর” হিসেবে ঘোষণা করার দাবি উঠেছে।
বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) কেন্দ্রীয় পরিষদের নেতারা বৃহস্পতিবার বিকালে এই দাবি তুলে ধরেছে।
বনেকের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আসাদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, চান্দনা চৌরাস্তা মোড় তুহিনের আত্মত্যাগকে স্মরণ করার জন্য অবশ্যই শহীদ চত্বর হিসেবে ঘোষণা করতে হবে। এছাড়া ৯০ দিনের মধ্যে খুনিদের সর্বোচ্চ শাস্তি কার্যকর না হলে সারাদেশে কঠোর আন্দোলন হবে।
দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক উল্লেখ করেন, নির্দিষ্ট সময়ে আদালতে অভিযোগপত্র জমা দিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে খুনিদের সর্বোচ্চ শাস্তি--ফাঁসির কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। না হলে দেশের সাংবাদিক সমাজ স্বতঃস্ফূর্তভাবে কঠোর পদক্ষেপ নেবে।
তুহিনের পরিবার ও সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সাংবাদিকদের হয়রানি বন্ধসহ ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটি। কমিটির চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, "শহীদ সাংবাদিক তুহিন চত্বর’ প্রথম ঘোষণা করার দায়িত্ব আমাদের।
বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদ খান ও অন্যান্য সাংবাদিক নেতারা সতর্ক করেছেন, ৯০ দিনের মধ্যে খুনিদের ফাঁসির কার্যকর রায় না হলে বৃহত্তর আন্দোলন শুরু হবে। এটি শুধু তুহিনের হত্যার প্রতিশোধ নয়, বরং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি।
বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়নের (বসকো) সভাপতি জাহাঙ্গীর আলম তপু ও সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদার খুনিদের সর্বোচ্চ ফাঁসির আবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন।
চান্দনা চৌরাস্তা বর্তমানে সাংবাদিক ও সাধারণ মানুষের আনাগোনার যে এলাকা, তুহিনের স্মৃতিতে চত্বর ঘোষণার দাবি বাস্তবায়িত হলে, এটি হবে সাংবাদিক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতীক।

আপনার মতামত লিখুন :