বদরগঞ্জে পাট ও পাটজাতীয় ফসলের বীজ উৎপাদন প্রযুক্তি বিষয়ক

মোঃ সিরাজুল ইসলাম সিরাজ , বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪১ পিএম

রংপুরের বদরগঞ্জ উপজেলায় পাট ও পাটজাতীয় ফসলের উন্নত বীজ উৎপাদন প্রযুক্তি বিষয়ক একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের মধ্যে আধুনিক ও মানসম্মত বীজ উৎপাদন পদ্ধতি ছড়িয়ে দিতে কৃষি গবেষণা ফাউন্ডেশন ( KGF) এর অর্থায়নে এই মাঠ দিবসের আয়োজন করা হয়।

মাঠ দিবসটি অনুষ্ঠিত হয় বদরগঞ্জ উপজেলার ১৩ নং কালুপাড়া ইউনিয়নের শংকরপুর পাঠানপাড়া গ্রামের পাট আবাদি মাঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গিস আক্তার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষিবিদ ড. মোঃ মনোয়ার করিম খান, সিনিয়র স্পেশালিস্ট (জলবায়ু ও প্রাকৃতিক সম্পদ), কেজিএফ কৃষিবিদ ড. মোঃ নজরুল ইসলাম, সিএসও, পেষ্ট ম্যানেজমেন্ট বিভাগ, বাংলাদেশ পাট
গবেষণা ইনস্টিটিউট। কৃষিবিদ ড. মোঃ ইয়ার উদ্দিন সরকার, পরিচালক (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। এ ছাড়াও এলাকার পাট চাষি ও আগ্রহী কৃষকরা মাঠ দিবসে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল। দেশের অর্থনীতি, পরিবেশ রক্ষা ও কর্মসংস্থানে পাটের গুরুত্ব অপরিসীম। তবে ভালো ফলন ও লাভজনক উৎপাদনের জন্য মানসম্মত বীজের বিকল্প নেই। তাই কৃষকদের নিজ উদ্যোগে উন্নত প্রযুক্তি ব্যবহার করে পাট ও পাটজাতীয় ফসলের বীজ উৎপাদনে আগ্রহী হতে হবে।

মাঠ দিবসে কৃষকদের হাতে-কলমে পাটের বীজ উৎপাদনের বিভিন্ন ধাপ সম্পর্কে অবহিত করা হয়। এর মধ্যে উন্নত জাত নির্বাচন, জমি প্রস্তুতি, সঠিক সময়ে বপন, পরিচর্যা, রোগ ও পোকা দমন, বীজ সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও প্রদর্শনী প্লটে উন্নত জাতের পাটের ফলন দেখে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গিস আক্তার, দৈনিক প্রতিদিনের কাগজকে জানান, পাট ও পাটজাতীয় ফসলের বীজ উৎপাদনে কৃষকরা সফল হলে একদিকে নিজেদের বীজের চাহিদা পূরণ হবে, অন্যদিকে অতিরিক্ত বীজ বিক্রি করে বাড়তি আয় করা সম্ভব হবে। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও মাঠ দিবস অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

মাঠ দিবস শেষে কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং অনেক কৃষক আগামী মৌসুমে উন্নত প্রযুক্তিতে পাটের বীজ উৎপাদনের আগ্রহ প্রকাশ করেন।

Link copied!