ফরিদপুরে একাধিক বিয়ে ও প্রেমের ফাঁদে প্রতারণা: অভিযুক্ত নারী চাকরিচ্যুত

এস এ মুরাদ , ফরিদপুর জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬, ১২:১৯ পিএম

ফরিদপুরে একাধিক বিয়ে এবং প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সাদিয়া আক্তার নামে এক নারীকে চাকরিচ্যুত করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ফরিদপুরের বউঘাটা নিখুর্দি গ্রামের বাসিন্দা সাদিয়া আক্তার কৌশলে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। পরে বিয়ে কিংবা প্রেমের সম্পর্কের আশ্বাস দিয়ে বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে অর্থ আদায় করে
আত্মগোপনে চলে যেতেন।

ভুক্তভোগীদের দাবি, তিনি একাধিক বিয়ের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৬০ হাজার থেকে শুরু করে ২ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন। এছাড়া প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে ১০ হাজার, ২০ হাজার এবং ৩০ হাজার টাকা নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে তার এক স্বামী (যিনি নিজেকে দ্বিতীয় স্বামী হিসেবে পরিচয় দিয়েছেন) আনুষ্ঠানিক অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি অনুসন্ধানে নামে একটি সংবাদমাধ্যমের প্রতিনিধি দল। তদন্তকালে একাধিক ভুক্তভোগীর বক্তব্য ও প্রাথমিক তথ্য-উপাত্তে অভিযোগের সত্যতা মিলেছে বলে জানা যায়। অভিযুক্তের প্রথম স্বামীর কাছ থেকেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। তিনিও দাবি করেন, প্রতারণার মাধ্যমে তার কাছ থেকেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ নেওয়া হয়েছে।

এদিকে জানা গেছে, সাদিয়া আক্তার ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে ওঠা এসব গুরুতর অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে।

ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। আমরা এই প্রতারণার সুষ্ঠু বিচার চাই।” ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা প্রশাসনের
কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে সাদিয়া আক্তারের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Link copied!